রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:০২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের আরেক সন্তান গুরুতর আহত হয়েছে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্পের বাসিন্দা আতাসমুল হকের স্ত্রী শহীদ নুর (৩৩) এবং তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে মো. শামীম হক। গুরুতর আহত আট বছর বয়সী ছেলে মো. আবছারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। আহত শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আতাসমুল হককে গ্রেপ্তারে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এএন