নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার তপন জোমাদ্দারের মালিকানাধীন মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে আবুল কালাম পাইকার নামের একজনের মরদেহ শনিবার বিকেলে গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ হওয়া অপর জেলে শহিদুলের সন্ধান আজও মেলেনি।
তালতলীর ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও আশারচর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে লালদিয়ার চর সংলগ্ন বঙ্গোপসাগরে গত ৭ জুলাই ১৮ জন জেলেসহ ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ঘটনার ১৪ ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সহযোগিতায় ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
তবে ওই সময় থেকেই দুই জেলে- বাদল খানের ছেলে আবুল কালাম পাইকার ও সিরাজ মিস্ত্রীর ছেলে শহিদুল নিখোঁজ ছিলেন। তাঁদের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামে। পাঁচ দিন পর আজ একজনের মরদেহ উদ্ধার করা হলেও অন্যজনকে উদ্ধারে চেষ্টা চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন