কক্সবাজার জেলায় টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।
জেলার বিভিন্ন উপজেলায় সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, পানিবন্দী মানুষকে উদ্ধার ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করছেন। একই সাথে তাঁরা যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের মতো বহুমুখী কার্যক্রম পরিচালনা করছেন।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দলনেতা সাইফুল ইসলাম বালুখালী ও পালংখালী এলাকার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষকে সচেতন করতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছেন তিনি।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে ইউনিয়ন আনসার কমান্ডার মো. নুরুল আমিনের নেতৃত্বে ভিডিপি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে পানিবন্দী মানুষকে সতর্ক করছেন এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পেকুয়া উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. শফিউল আজমের নেতৃত্বে সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার সুফাইদা ইয়াসমিন সিলছড়ি ইউনিয়নের পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। টৈটং ইউনিয়নের আনসার কমান্ডার ও দলনেত্রী হামিদা বেগম এবং বারবাকিয়া ইউনিয়নের দলনেত্রী হাসিনা বেগমও স্থানীয় জনগণকে আশ্রয়কেন্দ্রে যেতে সহায়তা করছেন।
চকরিয়া উপজেলায় আনসার কোম্পানি কমান্ডার মোক্তার আহমদ, দলনেত্রী তছলিমা জান্নাত, দলনেতা নুরুল আবছার, ইউনিয়ন আনসার কমান্ডার মো. শাহা জাহানসহ আনসার ও ভিডিপি সদস্যরা বন্যাকবলিত ও পাহাড়ধসপ্রবণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। তাঁরা নৌকাযোগে উদ্ধার, রাস্তার ওপর পড়ে থাকা গাছ ও মাটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরসহ সার্বিক দুর্যোগ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
মহেশখালী উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. আলমগীর, মো. জসিম উদ্দিন ও ওয়ার্ড দলনেতা নুর মোহাম্মদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা পাহাড়ি ও পানিবন্দী এলাকার মানুষ এবং গৃহপালিত পশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। একই সঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্বাসনে সহযোগিতা, সড়কে পড়ে থাকা গাছ অপসারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কীকরণ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তাঁরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগকালীন মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারে চলমান এই কার্যক্রম প্রমাণ করে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় সময়ে জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় আনসার ও ভিডিপি একটি নির্ভরযোগ্য ও কার্যকর জননিরাপত্তা বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন