কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:৪০ পিএম
কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া কেন্দ্রীয় বাজারে ১২ জুলাই, রোববার ভোর প্রায় ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তেই তা বাজারের মসজিদ-সংলগ্ন কাপড়ের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে ৯টি দোকান এবং একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের ২টি ইউনিট এবং রাজেন্দ্রপুরের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বাজারের সরু পথে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা ব্যাঘাত ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বর্ণনামতে, নগদ টাকাসহ সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- সারোয়ার আলমের মালিকানাধীন সাহাবা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকা, আব্দুল কাইয়ুমের হাটহাজারী টেইলার্সের ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা, আব্দুল কাইয়ুমের মেসার্স আল মদিনা টেইলার্সের ৭ লাখ টাকা, মোকাররম বিল্লাহর ঘাসফড়িং পাঞ্জাবি অ্যান্ড ইসলামী আইটেমের দোকানের ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা এবং ড্রাই ফুড, খেজুর ও অন্যান্য অর্গানিক আইটেমের ক্ষয়ক্ষতি ৭ লাখ টাকা, রাসেল মিয়ার ইসলামী পাঞ্জাবির দোকানের ক্ষয়ক্ষতি ২ লাখ টাকা, আজহারুল ইসলামের মেসার্স আল আজহার পাঞ্জাবি ও টেইলার্সের ১২ লাখ টাকা, তাজউদ্দীনের জুতার গুদামের ৫ লাখ টাকা এবং পাশের গুড় ব্যবসায়ী আবুল কাশেম খানের টিনশেড বাড়ির ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নগদ ২ লাখ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র ও এসি পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

এ ছাড়া মসজিদের জেনারেটর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট এবং উপস্থিত সবার সার্বিক সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ব্যবসায়ীরা আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান।

এএন