আড়াইহাজারে চার দিনে দুই খুন ও ধর্ষণ, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০২:৩৫ পিএম
আড়াইহাজারে চার দিনে দুই খুন ও ধর্ষণ, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দিনের ব্যবধানে দুইটি হত্যাকাণ্ড ও একটি ধর্ষণের ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গত রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া কবরস্থান এলাকায় মো. অলিউল্লাহ (২৬) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত অলিউল্লাহ পাশের সোনারগাঁ উপজেলার বিশনাদী ভিটিপাড়া এলাকার হারুনের ছেলে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এরপর বুধবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রবাসফেরত যুবক সিয়াম (২৬)সহ দুই পক্ষের আটজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার মোক্তার হোসেন ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সংঘর্ষ হলে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়াম লস্করদী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার দিবাগত রাতে পুলিশ গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি হিরণকে গ্রেপ্তার করে। হিরণ একই গ্রামের ইকবালের ছেলে।

এদিকে বুধবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের এক প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই এলাকার সজীব ওরফে কালাই নামে এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযুক্ত সজীব ওই এলাকার শাহজাহানের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম বলেন, প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডগুলোর বিষয়েও মামলা গ্রহণ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সিয়াম হত্যা মামলায় হিরণ নামে এক তালিকাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এম জি