কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মুশফিকুর রহিম। সে বলিরপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল শিশুটি। একপর্যায়ে মা-বাবার অগোচরে খাবারের বাটি হাতে নিয়ে ঘরের দরজার বাইরে বের হলে বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির দরজার সামনের বন্যার পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের ইউপি সদস্য সাহেদুল ইসলাম বলেন, মা-বাবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনেই তার মরদেহ পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়িঘরের আঙিনা ও সড়কে পানি জমে থাকায় শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয়রা বন্যাকবলিত এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন