ফেনী জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও পঙ্গুত্বের শিকার হওয়া মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারকে মোট ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। আজ রবিবারে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে এই চেক তুলে দেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
অনুষ্ঠানে জানানো হয়, বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত এই তহবিলের আওতায় ফেনী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন ব্যক্তির চিকিৎসার জন্য পরিবার প্রতি ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সড়ক দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই মানবিক সহায়তা ভুক্তভোগী পরিবারগুলোকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী-সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ফেনীর পুলিশ প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এবং বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আল ফায়সাল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিনসহ স্থানীয় মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন