চট্টগ্রামে সাপের কামড়ে ৮৫ জন আহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:২৯ পিএম
চট্টগ্রামে সাপের কামড়ে ৮৫ জন আহত

চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাপের উপদ্রব। জেলার বিভিন্ন বন্যাকবলিত উপজেলায় এখন পর্যন্ত সাপের কামড়ে অন্তত ৮৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিষধর সাপের কামড়ে আক্রান্ত তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বন্যার পানিতে সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ও আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ায় সাপে কাটার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে দুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন বলেন, সাপে কামড়ানোর ঘটনায় আতঙ্কিত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। তিনি জানান, বন্যাকবলিত এলাকাগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) মজুত রাখা হয়েছে, যাতে জরুরি চিকিৎসা দিতে কোনো সমস্যা না হয়।

তিনি আরও জানান, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় ২৮৫টি বিশেষ মেডিক্যাল টিম কাজ করছে। এসব দল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, বন্যার পানি নামতে শুরু করলে সাধারণত ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে। সম্ভাব্য সেই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ আগাম প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এএন