মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে আধুনিক পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত এই ফিল্টার চালু হওয়ায় হাসপাতালে আগত মানুষ এখন সহজেই নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ করতে পারছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন শত শত রোগী ও স্বজন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে গ্রীষ্মকাল ও রোগীর চাপ বৃদ্ধি পেলে নিরাপদ পানির সংকট আরও প্রকট হয়ে উঠত। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দ্রুত ফিল্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির বলেন, নতুন ফিল্টার চালু হওয়ায় রোগী, স্বজন এবং হাসপাতালে আগত সাধারণ মানুষ সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। এর ফলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেবা নিতে আসেন। তাঁদের জন্য নিরাপদ পানীয় পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যের এই উদ্যোগ রোগীদের দুর্ভোগ কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ পানীয় জল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের যেন বিশুদ্ধ পানির জন্য কষ্ট করতে না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণ ও মানুষের সেবার স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, আগে বিশুদ্ধ পানির জন্য বাইরে যেতে হতো বা অতিরিক্ত টাকা খরচ করে বোতলজাত পানি কিনতে হতো। এখন হাসপাতালেই সহজেই নিরাপদ পানি পাওয়া যাচ্ছে, যা তাঁদের জন্য বড় স্বস্তির বিষয়। স্থানীয় সচেতন মহলও এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে হাসপাতালের সেবার মানোন্নয়নে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন