গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সফিপুর পর্যন্ত সাময়িক অবরোধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার সফিপুর পল্লী বিদ্যুৎ এলাকায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মিছিল শুরু করে সফিপুর এলাকায় এসে শেষ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন