পাট প্রতিমন্ত্রী

বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করছে সরকার

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০২:০৫ পিএম
বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করছে সরকার

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (এমপি) বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। বুধবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, সূতি শাড়ি, জামদানি, রেশমি শাড়িসহ এসব পণ্য নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে সরকার যা যা প্রয়োজন, তার সবই করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এ প্রতিষ্ঠানকে চরম অবহেলা করে ধ্বংস করে দিয়েছে। এ শিল্পকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধ করার কাজ বর্তমান সরকার অব্যাহত রেখেছে। প্রয়োজনে তাঁতিদের সমৃদ্ধ করতে সরকার সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ প্রমুখ।

এএন