গাইবান্ধার সাঘাটায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারী ও শিশুর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অপুষ্টি প্রতিরোধ, সুষম খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারী ও শিশুর অধিক সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার সকাল ১১টায় সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল কবীর।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, একটি সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগী নারী ও শিশুর কাছে পৌঁছে, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির প্রতিনিধি, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সচিব ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, জীবনের প্রথম এক হাজার দিন শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের সুষম খাদ্য নিশ্চিত করা গেলে অপুষ্টিজনিত ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ, টিকাদান এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির ডেপুটি ডিরেক্টর হাফিজুল ইসলাম পুষ্টি বিষয়ক আলোচনায় বলেন, পুষ্টি উন্নয়ন শুধু স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; কৃষি, প্রাণিসম্পদ, শিক্ষা, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পুষ্টি সংবেদনশীল কর্মসূচিগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে অপুষ্টি হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্কাউট নেতা আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন।
সংবাদপত্রের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ামিন হাসান (দৈনিক আমার সংবাদ), সোহাগ খন্দকার (দৈনিক নয়া দিগন্ত) প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং নারী ও শিশুর অংশগ্রহণ আরও বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন