চকরিয়ায় বন্যাকবলিত ১২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার) প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০২:১৭ পিএম
চকরিয়ায় বন্যাকবলিত ১২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত সদ্য প্রস্তাবিত পহরচাঁদা ইউনিয়নের ১ হাজার ২০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সমাজসেবক আলহাজ্ব গিয়াসউদ্দিনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পহরচাঁদা ইউনিয়নের নাসিরউদ্দিন হায়দার এবং এরশাদ হোছাইন।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও বন্যায় পহরচাঁদা ইউনিয়নের বহু পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি রয়েছে। খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাদাল মেম্বার বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ সহায়তা অত্যন্ত সময়োপযোগী। আলহাজ্ব গিয়াসউদ্দিনের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

ত্রাণ বিতরণ শেষে বন্যাকবলিত মানুষের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান স্থানীয়রা।

এএন