অতিবৃষ্টি-বন্যার পর করণীয় জানাতে খাগড়াছড়িতে প্রচারণা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:২৬ পিএম
অতিবৃষ্টি-বন্যার পর করণীয় জানাতে খাগড়াছড়িতে প্রচারণা

অতিবৃষ্টিতে পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস কর্তৃক পাহাড়ধস প্রবণ এবং পানিতে নিমজ্জিত এলাকায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

গত ৫ জুলাই অতিবৃষ্টি শুরুর প্রথম থেকেই সম্ভাব্য পাহাড়ধস সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়ে ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পন্ন করা হয়।

ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল নিমজ্জিত হয়। বন্যাকালীন শিশু, নারী, বয়স্ক এবং কিশোরীদের প্রতি বিশেষ নজর দিতে অনুরোধ জানানো হয়। পান করা পানি অবশ্যই বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে বিশুদ্ধ করে খেতে হবে। বন্যাকবলিত মানুষকে সাপের কামড় এবং পানিবাহিত রোগ থেকে বাঁচতে করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন এবং সড়কে ব্যাপক প্রচার করা হয়।

পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত ও চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এতে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব।

এসব রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এএন