লোকগীতিতে দেশসেরা সখীপুরের অনয়া, পেলেন স্বর্ণপদক

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:১২ পিএম
লোকগীতিতে দেশসেরা সখীপুরের অনয়া, পেলেন স্বর্ণপদক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতী শিক্ষার্থী অনয়া সরকার। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে স্বর্ণপদক (গোল্ড মেডেল) ও সনদ তুলে দেন।

অনয়া সরকার বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। লোকগীতি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সে দেশের সেরা ক্ষুদে লোকসংগীতশিল্পীর স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে। সে শংকর সরকার ও তুলি সরকার দম্পতির মেয়ে। তার বাবা শংকর সরকার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।

মেয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শংকর সরকার বলেন, ছোটবেলায় বাবাকে হারানোর কারণে আর্থিক সংকটে তার বড় বোন সংগীত শেখার সুযোগ পাননি। সেই অপূর্ণ স্বপ্ন থেকেই পরিবারের সবাই অনয়াকে লেখাপড়ার পাশাপাশি সংগীতচর্চায় উৎসাহিত করেছেন।

তিনি বলেন, “আমার স্ত্রী তুলি সরকার এবং অনয়ার সংগীত শিক্ষক অশোক কুমার বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও অনয়ার নিষ্ঠার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “সখীপুরের সন্তান হিসেবে অনয়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমাদের পরিবার ও এলাকার সম্মান বৃদ্ধি করেছে। সবার কাছে তার জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতেও সে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ে অনয়ার এই সাফল্য নতুন প্রজন্মকে লোকসংগীতচর্চায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে সখীপুরের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এটি একটি গৌরবময় অর্জন।

এম জি