নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড জোরদারের তাগিদ ডিসি রায়হানের

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:২৭ পিএম
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড জোরদারের তাগিদ ডিসি রায়হানের

নারায়ণগঞ্জ জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত ও জেলার সব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানকার উন্নয়ন মানে দেশের অর্থনীতির অগ্রগতি। কিন্তু উন্নয়ন তখনই টেকসই হবে, যখন সব দপ্তর একসঙ্গে, একই ছাতার নিচে কাজ করবে।”

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কোনো ধরনের অবহেলা চলবে না। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। বিশেষ করে শিল্পাঞ্চলের রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শীতলক্ষ্যা ও মেঘনা নদীর দূষণ রোধে কঠোর অবস্থানে যেতে হবে।

সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি বরদাশত করা হবে না। জনগণের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

জেলা প্রশাসক আরও বলেন, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং ত্রাণ ও দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি।

সভায় জেলার চলমান রাস্তা, ব্রিজ, স্কুল ভবন নির্মাণ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ভূমি সেবার মান বৃদ্ধি, কৃষি ও মৎস্য খাতের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এএন