ফেনীর সোনাগাজীতে এক আকস্মিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় ৩৫টি পরিবার। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। চোখের পলকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন চরম হতাশা ও আর্তনাদ চলছে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে ধেয়ে আসে তীব্র ঘূর্ণিঝড় (টর্নেডো)। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এই ঝড়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে অন্তত ২০টি ছোট-বড় ঘরবাড়ি ধুমড়ে-মুচড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে উড়ে গেছে।
এ ছাড়া উপড়ে পড়েছে চারটি বৈদ্যুতিক খুঁটি এবং শতাধিক ফলজ ও বনজ গাছপালা। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ৩৫টি পরিবারের বসতবাড়ির বৈদ্যুতিক মিটার পর্যন্ত ছিঁড়ে উড়ে গেছে।
প্রাথমিকভাবে এতে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আকস্মিক এই দুর্যোগের পর বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত বিদ্যুৎ পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ঝড়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে মধ্যম স্বরাজপুর গ্রামের বৃদ্ধ সাহাব উদ্দিন (৭০) আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ৭০ বছরের জীবনে এই এলাকায় এমন ভয়াবহ দৃশ্য আর কখনো দেখিনি। হঠাৎ করে বিকট শব্দে চারদিক অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল যেন চোখের সামনে কেয়ামত নেমে এসেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সব শেষ হয়ে গেল।”
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, টর্নেডোর খবর তিনি পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় যুক্ত থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন