দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:৫৮ পিএম
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় মামলার তদন্তে সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নি.) মো. শিহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়া আজগর বেপারীর স’মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মাচ্চার ইউনিয়নের মঙ্গল শেখের ছেলে সাগর শেখ (৩২), দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া এলাকার আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩) ও রাজবাড়ী সদর থানার রাজাপুর রুপচান গায়েনের ছেলে মনির গায়েন (২১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা গত ২৯ মে রাত আনুমানিক ২টার দিকে এবং ৩০ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর ও একটি সিসিটিভির ডিভিআর মেশিন চুরি করে দৌলতদিয়া ভাঙারির দোকানে ১২ হাজার টাকায় বিক্রি করে।

উক্ত চুরির ঘটনায় উদ্ধারকৃত মালামাল ১৯ জুলাই রোববার বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নি.) মো. শিহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়া আজগর বেপারীর স’মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে সাগর শেখ ও সাগর মোল্লাকে আটক করেন।

আসামি সাগর শেখের কাঁধে ঝোলানো আকাশি রঙের ব্যাগের ভেতর থেকে চুরিকৃত কালো রঙের ১৮ ইঞ্চি এলইডি মনিটর উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা চুরিকৃত মালামাল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের বলে স্বীকার করেন।

আসামি সাগর শেখের তথ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার ডিভিআর দৌলতদিয়া পতিতালয়ে ছরো মন্ডলের বাড়ি থেকে অপর আসামি মনির গায়েনকে (২১) গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এএন