ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ও ভৈরবা পুলিশ ক্যাম্পের যৌথ বিশেষ অভিযানে ৫৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলজাতীয় মাদক ফেয়াড্রিল (FAIRDYL) সিরাপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মো. শান্ত রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়। বুধবার (২২ জুলাই) দুপুরে মহেশপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) রাতে মহেশপুর উপজেলার রুলি গ্রামের মমিনতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে দুটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি মাদক বহন করে সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়।
এ সময় তারা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শান্ত রহমানকে হাতেনাতে আটক করে। আটক শান্ত মহেশপুর উপজেলার যাদবপুর বাজারপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে। অপরদিকে সামন্তা গ্রামের মো. বাবু (৩৫) ও অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
আটককৃতের কাছ থেকে ৫৫ হাজার মিলিলিটার বা ৫৫০ বোতল ফেয়াড্রিল সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ওসি মো. মেহেদী হাসান বলেন, ঝিনাইদহ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন