বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:৪৩ পিএম
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহরের বিডিআর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। এছাড়া গত ১৪ মে দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয় বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। সেই মামলার ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে থানায় হস্তান্তর করে।

মামলার নথি অনুযায়ী, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আফতাব।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে ওই শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে আফতাব তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, আফতাব এনসিপির সদস্য এবং তিনি বিবাহিত। তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে।

এম জি