ডিমলা রানী বৃন্দা রানী বিদ্যালয়ের অফিস সহকারী রশিদুল হককে অশ্রুসিক্ত বিদায়

আবু মোতালেব হোসেন, ডিমলা (নীলফামারী) প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৪১ পিএম
ডিমলা রানী বৃন্দা রানী বিদ্যালয়ের অফিস সহকারী রশিদুল হককে অশ্রুসিক্ত বিদায়

৩২ বছরের সফল কর্মজীবন শেষে নীলফামারীর ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রশিদুল হককে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রাসেউল আলম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ রইছুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ আব্দুল হানিফ সরকারসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অফিস সহকারী রশিদুল হককে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাঁর দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও বিদ্যালয়ের প্রতি অবদানের কথা স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, একজন অফিস সহকারী বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, নথিপত্র সংরক্ষণসহ বিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন কাজে রশিদুল হক দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান প্রতিষ্ঠান দীর্ঘদিন স্মরণ রাখবে।

বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে রশিদুল হক বলেন, এই বিদ্যালয় আমার কাছে শুধু কর্মস্থল ছিল না, এটি ছিল একটি পরিবারের মতো। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা সারাজীবন আমার স্মৃতিতে থাকবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিবার ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অফিস সহকারী রশিদুল হকের হাতে সম্মাননা স্মারক, মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায়ী প্রীতিভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম জি