পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৩:২৬ পিএম
পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি মাইক্রোবাসটির চালক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় বাস ও মাইক্রোবাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের। ঘটনার সময় বাসটি কিশোরগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের নিকলীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে চিলাকাড়া এলাকায় পৌঁছালে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএইচআর