টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেন।
টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ইউপিইটিসি-এর ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।
টাঙ্গাইলের শিশুদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, শিশুরা যাতে ভালো খেলার মাঠ পায় এবং সুস্থ বিনোদনের সুযোগ পায়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে তথ্য পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু চলবে না। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির চারা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন