মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:০৯ পিএম
মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ‘মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক’ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করে দিয়েছে উপজেলা বিএনপি।

শুক্রবার সকাল ৭টা থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞার মানবিক নির্দেশনায় এ মেরামত কাজ শুরু হয়। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার প্রত্যক্ষ উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার গোমতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফোরকান ইমামীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক স্থানে সড়কের একাংশ ধসে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। এতে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সব ধরনের যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

জনদুর্ভোগের এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞা উপজেলা বিএনপিকে দ্রুততম সময়ে সড়কটি মেরামতের নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে কাজ শুরু করেন। তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় ইট ও বালু ফেলে ভরাট করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাময়িকভাবে নিরাপদ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনেন।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়ায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই তাঁদের রাজনীতির মূল নীতি ও লক্ষ্য। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞার নির্দেশে তাঁরা মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক বিকে উচ্চবিদ্যালয় সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামত করেছেন, যাতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের আর কষ্ট পোহাতে না হয়। যেকোনো দুর্যোগে জনস্বার্থে তাঁদের এই সামাজিক ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।

বিএনপির এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপে গোমতি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পুরো এলাকায়। সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের স্বাভাবিক পরিবেশ তৈরি করায় গোমতি এলাকার সর্বস্তরের জনগণ ও যানবাহন চালকরা সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞা এবং উপজেলা বিএনপিসহ সড়ক মেরামত কাজে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর