নেত্রকোণায় রাতের আঁধারে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় মাহফুল ওরফে মাসুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া গ্রামের পশ্চিম পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মডেল থানা-পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো একসময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুল শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে তাঁর মা সখিনা আক্তার (৫৫) ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে টর্চের আলো জ্বালতেই বিছানায় ছেলের গলাকাটা রক্তাক্ত নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহতের মা সখিনা আক্তারের অভিযোগ, প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই শফিকুল ও তাঁর লোকজন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন