দুই হাত ছাড়াই স্বপ্নজয়, সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন নিলা

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:১৯ পিএম
দুই হাত ছাড়াই স্বপ্নজয়, সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন নিলা

দুই হাত নেই, পা দিয়ে লিখে মাস্টার্স পাস করে আলোচনায় আসা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের নিলা খাতুন এবার সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।

রোববার (২৬ জুলাই) তাকে বাংলাদেশ সচিবালয়ে ডেকে নেওয়া হয়। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পান তিনি।

জানা গেছে, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিজ-এ সহকারী শিক্ষক হিসেবে নিলার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এর আগে নিলার সংগ্রামী জীবনের গল্প ‘দৈনিক আমার সংবাদ’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে। জন্ম থেকেই দুই হাত না থাকলেও পা দিয়ে লেখা, পরীক্ষা দেওয়া এবং একের পর এক শিক্ষাজীবনের ধাপ অতিক্রম করে তিনি কামিল (মাস্টার্স সমমান) ডিগ্রি অর্জন করেন। শিক্ষক হওয়ার স্বপ্নের কথাও তুলে ধরেছিলেন তিনি।

জানা গেছে, চাকরি পাওয়ার খবরের পর নিলা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাবেক কেন্দ্রীয় সদস্য জুলাই গণঅভ্যুত্থান স্বাস্থ্য সেলের হুজাইফা সম্রাট রাব্বি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলামসহ অনেকে সচিবালয়ে উপস্থিত ছিলেন।

এএন