গাজীপুরে অনুমোদনহীনভাবে নকল প্রাণী খাদ্য উৎপাদন এবং ভুয়া বিএসটিআই লোগো ও নম্বর ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে ‘সরকার অ্যাগ্রো’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচতলায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিককে মুঠোফোনে অফিসে উপস্থিত হওয়ার জন্য জানানো হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনলাইন পেজের মাধ্যমে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে প্যাকেটজাত প্রাণী খাদ্য বিক্রি করে আসছিল।
একই সঙ্গে উন্নত দেশ থেকে আমদানিকৃত বলে প্রচার চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্য খামারিদের কাছে এসব পণ্য বিক্রি করছিল, যা প্রতারণার শামিল বলে অভিযোগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তারা কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই নকল প্রাণী খাদ্য উৎপাদন এবং ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করছিল।
তিনি আরও জানান, মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন