কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৫:৩৬ পিএম
কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় তাদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার বাসিন্দা মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান।

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই মাদক কারবারিদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে।

ডিবির ওসি মো. বজলার রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এএন