কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেশীয় মৎস্যসম্পদ রক্ষার্থে ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল বিভিন্ন খাল ও বিল থেকে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল এবং পৌরসভার পয়রাডাঙ্গার মসলিয়ার বিল এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৬২টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে বিলের পাশেই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, নাগেশ্বরী উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, যা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজ আমরা ৬২টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন