রাজশাহী নগরীর বড়কুঠি-সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পবার শ্যামপুরের জিয়ানগর থেকে আসা নৌকাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর বিষপুর ফেরিঘাটে থাকা রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা এবং স্থানীয় লোকজনের তাৎক্ষণিক চেষ্টায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) নিখোঁজ রয়েছেন। তাঁদের বাড়ি পবার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।
নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় রাসিকের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেয়।
রাসিকের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক মঞ্জিল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. রকিবুল হক তুহিন এবং তথ্য সহকারী ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
এদিকে, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন