‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাইফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেন বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং পরিবেশ সুরক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন