দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমান রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসরণ করে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
সাধারণত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বিভিন্ন দায় বা ঋণ বিয়োগ করে আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। বাজেট সহায়তাসহ বিভিন্ন খাতের ইতিবাচক প্রবাহের কারণে রিজার্ভের এই ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন