হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব উত্থাপন করা হলেও কমিটি আংশিক অনুমোদন দিয়ে দুই কার্গো কেনার সিদ্ধান্ত নেয়। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৪০৯ কোটি টাকা।
বৈঠকে জানানো হয়, তিন কার্গোর প্রস্তাবিত মোট ব্যয় ছিল ২ হাজার ১১২ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৬৩৪ টাকা। তবে জুন ও জুলাইয়ের প্রথম দিকের তাৎক্ষণিক জ্বালানি চাহিদা মেটাতে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দুই কার্গো অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদি চুক্তির কিছু চালান নির্ধারিত সময়ে পাওয়া যাচ্ছে না, ফলে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় তৃতীয় কার্গো কেনার বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে অতিরিক্ত ব্যয় এড়ানো যায়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন