ফেডারেল রিজার্ভের কঠোর নীতিগত অবস্থান এবং শক্তিশালী ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির ফলে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারও নিম্নমুখী হয়েছে, যার প্রভাব পড়েছে স্বর্ণবাজারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৪৬ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ফেডের কঠোর নীতি অবস্থান, যার কারণে ডলারের দাম চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বুধবার ফেড সুদের হার অপরিবর্তিত রাখলেও ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জন চলতি বছরের শেষ দিকে সুদের হার বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন।
ফেডের নীতি ঘোষণার পর মার্কিন ডলার সূচক এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে বিদেশি ক্রেতাদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজার এখন ডিসেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৮৫ শতাংশ ধরে নিচ্ছে, যা নীতি ঘোষণার আগে ছিল ৬১ শতাংশ।
বিশ্লেষকদের মতে, স্বর্ণ যেহেতু কোনো সুদ বা আয় দেয় না, তাই উচ্চ সুদের পরিবেশে এর আকর্ষণ কমে যায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ালেও সাম্প্রতিক যুদ্ধবিরতির খবরে কিছুটা চাপ কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া প্রকাশের পর তেলের বাজারেও পতন দেখা গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার ২ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও ৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৭১৮ দশমিক ২৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৫ দশমিক ১০ ডলারে নেমে এসেছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন