দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:২৬ এএম
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

টানা দুই দফা বৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শুক্রবার সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস এবং নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই দেশজুড়ে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা খাঁটি সোনার মূল্য কমেছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম শেষবারের মতো সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সেদিন প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা নতুন করে ভ্যাট যুক্ত করা হয়েছিল এবং তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৭ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।

এএন