দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১২:৫২ এএম
দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

এদিকে, চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।

তবে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।

এম জি