করদাতাদের ৪ নির্দেশনা দিল এনবিআর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:৪০ পিএম
করদাতাদের ৪ নির্দেশনা দিল এনবিআর

কর নথি (ফাইল) অডিটে পড়েছে-এমন দাবি করে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা সম্পর্কে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কোনো অবস্থাতেই ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে চার দফা নির্দেশনা প্রকাশ করেছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে একটি প্রতারক চক্র দাবি করছে যে তাদের কর নথি (ফাইল) অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা অবৈধভাবে অর্থ দাবি করছে।

এ পরিস্থিতিতে করদাতাদের উদ্দেশে এনবিআর চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

প্রথমত, কর নথি নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি নিরীক্ষার জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।

দ্বিতীয়ত, কর-সংক্রান্ত সব ধরনের বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

তৃতীয়ত, এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ই-মেইল পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।

চতুর্থত, কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) বিষয়টি জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর আরও জানায়, করদাতাদের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ। তাই প্রতারণার ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ হারানো এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এম জি