চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত দেশে মোট ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় এই অঙ্ক ছিল ৩৬ কোটি মার্কিন ডলার।
এর আগে, গত জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে, গত মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন