আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:২৭ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভের সভাকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় এর দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের অগ্রিম চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলার।

বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাক্টিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। একই সঙ্গে সুদের হার নিয়ে অনিশ্চয়তা নিরাপদ সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ফলে তেলের দাম কমতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। প্রতি আউন্স রুপার দাম ১ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এম জি