শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে `জয়নুল উৎসব-২০২৪` শুরু হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের মধ্য থেকে ড্রইং এন্ড পেইন্টিং, গ্রাফিক্স ডিজাইন এবং প্রিন্ট মেকিং এ মোট ১৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এদেশের সমাজ পরিবর্তনে শিল্পকর্ম অবিস্মরণীয় হয়ে থাকবে। শিল্পকর্মের মাধ্যমে দেশের গুণগত মান উন্নয়ন করা যায়। একটি বক্তব্যের চেয়ে একটি চিত্রকর্ম অনেক সময় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এর প্রমাণ হিসেবে ২৪এর জুলাই অভ্যুত্থানকেও উল্লেখ করা যেতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন দেয়ালে যে গ্রাফিতি তৈরি করা হয়েছিল তা মানুষের মনে দাগ কেটেছিল এবং গণআন্দোলন চরম আকার ধারণ করেছিল।` এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নতুন নতুন শিল্পকর্ম সৃষ্টি করে বৈষম্যবিরোধী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ।
জয়নুল উৎসবকে ঘিরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চুরুলিয়া মঞ্চে জয়নুল মেলা, শিল্প কথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নীচ তলায় তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন