রাবিতে তিন স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল

নাসিমুল মুহিত ইফাত, রাবি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:০৬ পিএম
রাবিতে তিন স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বরসংলগ্ন প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দর্শকদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, উন্নত সাউন্ড সিস্টেম এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে বিশ্বকাপ ফাইনাল দেখানোর আয়োজন করা হয়েছে। রাকসু বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে, ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্বরসংলগ্ন প্যারিস রোডে বড় পর্দায় খেলা প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হবে। বহিরাগতদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এম জি