নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের ১৭ দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা। তিনি জানান, আগামীকাল (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে এবং মে মাসের মধ্যে তালিকা প্রকাশ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বেতনহীন শিক্ষকদের ন্যায্য দাবির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ২৩ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়, যেখানে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং দুজন মারা যান।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যক্রম সম্পন্ন হবে এবং নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন