রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহরিয়ারকে ছুরিকাঘাত করা হয়।
নিহত শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী রাফি জানান, “রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে অজ্ঞাত সাত-আটজন ব্যক্তি এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “ঢাবির ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধুর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।”
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন