র্যাগিংকে একটি দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।
রোববার (২২ জুন) সকালে এক ফেসবুক পোস্টে তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য। আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’
বিশ্ববিদ্যালয়কে সহনশীলতা, সৌহার্দ্য ও সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
র্যাগিং বিষয়ে সতর্ক করে অধ্যাপক তাজাম্মুল বলেন, নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিক হয়রানি করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। র্যাগিংয়ের যেকোনো ঘটনা বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, কোষাধ্যক্ষ বা উপাচার্যের দপ্তরে দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।
র্যাগিংমুক্ত পরিবেশের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক নিরাপদ, উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক শিক্ষার স্থান। আসুন, সবাই মিলে র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন