ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৬:৩৭ পিএম
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদল হেল্প ডেস্কসহ নানা সহায়তা প্রদান করেছে।

শুক্রবার কেন্দ্র ঘুরে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করছেন। 

এছাড়াও তারা পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন।

এ সময় উপস্থিত ছিলেন— ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। 

তারা শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখা, কলম, ফুল, চকলেট, খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেও সহায়তা করেছেন।

আহ্বায়ক রেহানা আক্তার শিরিন বলেন, “বৈরী পরিবেশে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”

সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি বলেন, “সাধারণ ছাত্রীদের মন জয় করে আমরা ইডেন মহিলা কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলব, যাতে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয়।”

অন্যান্য নেতৃবৃন্দ জানান, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সেই বিষয়ে সংগঠন সহযোগিতা অব্যাহত রাখবে।

অনেকে পরীক্ষার্থীরা হাতে ফুল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন।

মোকার্রেমা /ইএইচ