চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর স্থানীয়দের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বটতলায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময় তারা স্লোগান দেন— “আমার ভাই আহত কেন, প্রশাসনের জবাব চাই; চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে; প্রশাসনের প্রহসন, মানি না, মানব না; সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত রাতের হামলার সময় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা বলেন, “প্রশাসন কোথায় ছিল? শিক্ষার্থীদের নিরাপত্তায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এই ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন এড়াতে পারে না, তেমনি ইন্টেরিম গভর্নমেন্টও এড়াতে পারে না।”
তারা আরও বলেন, “নুরের আন্দোলনে দ্রুত ব্যবস্থা নিতে পারলেও শিক্ষার্থীদের ওপর হামলায় নীরব ছিল প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার করুন। বিচার না হলে আবারও আগস্টের মতো রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হবে।”
জুলাইযোদ্ধা ও সাবেক সমন্বয়ক এস এম সুইট সমাবেশে বলেন, “জুলাইয়ের পর শিক্ষার্থীদের ওপর হামলা যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। অথচ জুলাই-পরবর্তী সময়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের কথা ছিল। এ ঘটনা প্রমাণ করে, চট্টগ্রামের প্রশাসন রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায়। আগামী ১২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে ইন্টেরিম গভর্নমেন্টের চেয়ার ছেড়ে দেওয়া উচিত।”
ইবি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন