মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাকসু আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আক্তারুজ্জামান সাজু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি।
আমাদের প্রধান দাবিগুলো হলো—(১) গঠনতন্ত্র প্রণয়ন, (২) নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, (৩) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম, কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা করেনি।”
তিনি আরও জানান, “পূর্ব ঘোষিত সতর্কবার্তার পরও আমাদের দাবি পূরণ না হওয়ায় আজ আমরা মানববন্ধন আয়োজন করেছি। এটি আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাকসুর রূপরেখা কীভাবে হওয়া উচিত তা নিয়ে আলোচনা হবে। খুব দ্রুত সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন বলেন, “রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে একটি উচ্চতর কমিটি মাকসু সংক্রান্ত আইনি দিক ও গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানতে কমিটির আহ্বায়ক বা সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।”
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকায় তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসন দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন