জকসুতে ৯টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব ছাত্রদলের

জবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:০২ পিএম
জকসুতে ৯টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে ৯টি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়। এতে জকসুর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনীসহ বেশ কিছু নতুন পদ অন্তর্ভুক্তির দাবি করা হয়েছে।

ছাত্রদলের মতে, বর্তমান কাঠামোতে কিছু অসংগতি রয়েছে, যা জকসুর সুষ্ঠু পরিচালনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব বিবেচনায় তারা ৯টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব করেছে।

প্রস্তাবিত পদগুলো হলো

  • ১. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
  • ২. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক
  • ৩. মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
  • ৪. সংস্কৃতি বিষয়ক সম্পাদক
  • ৫. দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক
  • ৬. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক
  • ৭. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
  • ৮. পরিবেশ বিষয়ক সম্পাদক
  • ৯. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক

এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে ‘অর্থ সম্পাদক’ পদটি বাতিল করে শুধুমাত্র ‘কোষাধ্যক্ষ’ পদ রাখার সুপারিশ করা হয়েছে। তাদের মতে, এই দুটি পদ একসঙ্গে থাকলে পুনরাবৃত্তি এবং সাংগঠনিক দ্বন্দ্ব তৈরি হতে পারে।

তাদের প্রস্তাবনায় এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা প্রণয়েরও আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কারণে যেসব শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স শেষ করতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় আনারও অনুরোধ করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ ৬ বছর, বিশেষ প্রয়োজনে ৮ বছর। তবে ফ্যাসিস্ট আমলে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন এবং তা পূর্ণাঙ্গ খসড়া আকারে সাধারণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে।

ছাত্রদল আরও প্রস্তাব করেছে, জকসু শুধুমাত্র প্রশাসনিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখুক। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৬৯ ও ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার দায়িত্বও পালন করবে জকসু–এমন কাঠামোর প্রতি তারা সমর্থন জানিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা জকসু নিয়ে নতুনভাবে কয়েকটি প্রস্তাব দিয়েছি। এর আগে জকসু নিয়ে আমরা বিভিন্ন পরামর্শও দিয়েছি।”

এ বিষয়ে জকসু নীতিমালা প্রণয়ন ও সংশোধন কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “এটি কমিটির মিটিংয়ে উত্থাপন করা হলে কমিটি বিষয়টি বিবেচনা করবে।”

ইএইচ