রাকসু নির্বাচন

ভোট দিলেন ছাত্রদলের এজিএস প্রার্থী এষা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১১:০৮ এএম
ভোট দিলেন ছাত্রদলের এজিএস প্রার্থী এষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল মনোনীত প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রহমাতুন্নেসা হলে ভোটারদের সঙ্গে কথা বলা, কেন্দ্র পরিদর্শন এবং নিজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন প্রসঙ্গে নানা বিষয় তুলে ধরেন।

এষা বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের উপস্থিতি, উচ্ছ্বাস ও আগ্রহ দেখে মনে হচ্ছে সবাই আন্তরিকভাবে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবেন, নির্বাচন উপভোগ করবেন এবং যোগ্য প্রার্থীকে সততার সঙ্গে বেছে নেবেন।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বিভিন্ন হলে নারী ভোটারদের সারি, নির্বাচনী পরিবেশ এবং প্রশাসনের তৎপরতা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “নির্বাচন এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে। আশা করি, ভোটগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতীতে শিবির-সমর্থিত প্রার্থীদের বিজয়ের প্রসঙ্গে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরেকটির তুলনা করা যায় না। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট আছে। শিক্ষার্থীরা বিবেক অনুযায়ী ভোট দেন, তাই আগেভাগে কারও জয়ের ভবিষ্যদ্বাণী করা অনুচিত। ভোটাররাই প্রকৃত সিদ্ধান্ত নেবেন।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে এষা বলেন, যদিও শতভাগ ভোট পড়বে না, তবে অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী ভোট দেবেন বলে আশা করছি। এতে বোঝা যায় শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী এবং নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে আগ্রহী।

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। পুলিশ ও প্রশাসন সজাগ আছে, আশা করছি ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।”

জাহিন বিশ্বাস এষা আরও বলেন, “রাকসু ও হল সংসদ নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা ও অংশগ্রহণের প্রতীক। আমরা চাই, বিশ্ববিদ্যালয়জুড়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক।

জেএইচআর