সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার পর চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন, ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকরা মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। তিনি জানান, মন্ত্রণালয় শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি লিখিত প্রস্তাব পে কমিশনে পাঠিয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খায়রুন নাহার লিপি বলেন, “যেহেতু প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বিষয়ে মন্ত্রণালয় একটি লিখিত আশ্বাস দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা শিক্ষকদের সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।”
এর আগে, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করলে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই শুরু হয় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।
শিক্ষকদের তিন দফা দাবি ছিল
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন